যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
- আপডেট সময় : ০৪:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ দল লেবার পার্টির ভেতরেই ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। দলটির প্রায় ৭০ জন সংসদ সদস্য তার পদত্যাগ দাবি করেছেন।
সাম্প্রতিক নির্বাচনে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর এই অসন্তোষ তীব্র হয়ে উঠেছে। দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই স্টারমারের নেতৃত্বে দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে প্রশ্ন তুলছেন।
স্টারমার স্বীকার করেছেন যে তার সরকার কিছু ভুল করেছে। তবে তিনি দাবি করেন, তার সরকার ‘বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিকভাবেই নিয়েছে।’ একসঙ্গে সমালোচকদের ভুল প্রমাণ করার অঙ্গীকারও করেন তিনি।
ব্রিটিশ এক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদসহ অন্তত চারজন মন্ত্রী ব্যক্তিগতভাবে স্টারমারকে ডাউনিং স্ট্রিট ছাড়ার সম্ভাব্য সময়সূচি বিবেচনার পরামর্শ দিয়েছেন।
ওয়েলসে সিনেড নির্বাচনে লেবার পার্টি ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছে। অন্যদিকে স্কটিশ পার্লামেন্টে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) টানা পঞ্চমবারের মতো ক্ষমতা ধরে রেখেছে।
স্কটল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের ১৩৬টি স্থানীয় কর্তৃপক্ষ এলাকায় অনুষ্ঠিত এই নির্বাচনগুলো ছিল ২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবারের বড় জয়ের পর সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা।
এদিকে কট্টর ডানপন্থী দল রিফর্ম ইউকের জনপ্রিয়তাও বাড়ছে। দলটি ১ হাজার ৪৫০টির বেশি কাউন্সিল আসনে জয় পেয়ে গত বছরের স্থানীয় নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

























