ভালোবাসার টানে গাজীপুরে মালয়েশিয়ান তরুণী হাফিজা
- আপডেট সময় : ০৫:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ভাষা আর দূরত্বের সীমানা পেরিয়ে ভালোবাসার টানে সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক তরুণী। গাজীপুরের কাপাসিয়ার ছেলে রাকিবের সাথে চার বছরের প্রেমের সম্পর্ককে রূপ দিয়েছেন শুভ পরিণয়ে। সম্পূর্ণ বাঙালি সংস্কৃতির আদলে গায়ে হলুদ আর ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই ব্যতিক্রমী বিয়ে। বিদেশি কনেকে এক নজর দেখতে বরকন্যার বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
চোখে গাঢ় কাজল, কপালে সোনার টিকলি, হাতে রিনিঝিনি চুড়ি আর গায়ে জড়ানো বাঙালির ঐতিহ্যের লাল শাড়ি। ভালোবাসার টানে সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে বিয়ের পিঁড়িতে বসেছেন এই তরুণী। নাম তার নুর হাফিজা আইডা। আর তার পাশে বসা বর, গাজীপুরের ছেলে রাকিব।
দীর্ঘদিন মালয়েশিয়ায় কর্মরত ছিলেন রাকিব। সেখানেই পরিচয় হয় হাফিজার সাথে। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। চার বছরের সেই ভালোবাসার সম্পর্কই এবার পূর্ণতা পেল দুই পরিবারের সম্মতিতে। ব্যতিক্রমী এই বিয়েকে ঘিরে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ।
ছেলের এমন বিয়েতে আনন্দের কমতি নেই পরিবারেও। মালয়েশিয়ান পুত্রবধূকে আপন করে নিয়েছেন তারা আন্তরিকতার সাথেই।
সংস্কৃতির ভিন্নতা থাকলেও মনের মিল আর দুই পরিবারের আন্তরিকতায় দারুণ খুশি ভিনদেশি এই নববধূ ও বাংলাদেশি যুবক রাকিব।
প্রেমের সম্পর্ক থেকে শুরু, আর সেই সম্পর্কই গড়িয়েছে শুভ পরিণয়ে। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ভীষণ খুশি রাকিব।
ভৌগোলিক সীমানা, ভাষা কিংবা সংস্কৃতির দেয়াল যে প্রকৃত ভালোবাসার কাছে তুচ্ছ— তা আরও একবার প্রমাণ করলো রাকিব ও হাফিজার এই চিরন্তন বন্ধন।

























