ভারতে বয়স জালিয়াতির দায়ে ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ
- আপডেট সময় : ১০:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বয়স জালিয়াতির অভিযোগে ভারতের সাবেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ ৬৫ জন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। নিষিদ্ধদের তালিকায় রয়েছেন সম্প্রতি ভারত অনূর্ধ্ব-১৯ দলে খেলা লেগ স্পিনার রোহিত যাদবও।
শুক্রবার ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, প্রাক-মৌসুম নথিপত্র যাচাইয়ের সময় বয়সসংক্রান্ত অনিয়মগুলো সিএবির নজরে আসে। তদন্তের পর সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
রবি কুমারের বয়সে ৪০ মাসের গরমিল
নিষিদ্ধ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম রবি কুমার। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাঁহাতি এই পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৩৪ রানে চার উইকেট নিয়েছিলেন রবি। একই বছর বেঙ্গলের হয়ে সিনিয়র ক্রিকেটে অভিষেক হয় তার। তবে ২০২৩ সালের পর আর ম্যাচ খেলার সুযোগ পাননি।
তদন্তে রবির বয়সের ক্ষেত্রে ৪০ মাসের বেশি গরমিল পাওয়া গেছে। ফলে অভিষেক থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত বয়সভিত্তিক ক্রিকেটে তার সব পরিসংখ্যান অবৈধ হিসেবে গণ্য করা হয়েছে।
রোহিতের একাধিক জন্মনিবন্ধন
সম্প্রতি ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করা রোহিত যাদবের বয়সেও বড় ধরনের অসঙ্গতি পেয়েছে সিএবি। তার বয়সের ক্ষেত্রে ২৭ মাসের গরমিল পাওয়া গেছে।
তদন্তে রোহিতের নামে ২০০৭, ২০০৯ ও ২০১০—এই তিনটি ভিন্ন জন্মসালের তিনটি জন্মনিবন্ধন সনদ পাওয়া যায়। বয়স জালিয়াতি প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে আসন্ন সিরিজের দল থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। সিএবির নিষেধাজ্ঞার বিষয়টি বিসিসিআইয়ের অধিভুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকে জানানো হয়েছে। শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বয়স জালিয়াতি ঠেকাতে কঠোর ভারত
ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতি ঠেকাতে আগেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। ২০২০ সালে তারা শাস্তির পাশাপাশি সাধারণ ক্ষমার ব্যবস্থাও করেছিল। খেলোয়াড়রা স্বেচ্ছায় প্রকৃত জন্মতারিখ জানালে নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ ছিল।
তবে জালিয়াতি বা তথ্য গোপন ধরা পড়লে সরাসরি নিষেধাজ্ঞার বিধান রাখা হয়। বর্তমানে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বয়স যাচাইয়ের জন্য জন্মনিবন্ধনের পাশাপাশি স্কুল-কলেজের নথিও যাচাই করা হয়।























