বিগত দুই সরকারের সময়ে হামের টিকা না দেয়াটা ক্ষমাহীন অপরাধ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের সময়ে ঠিকমতো হামের টিকা না দেয়াটা ক্ষমাহীন অপরাধ। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীতে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন সরকার প্রধান।
সারাদেশের মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা জনগণের দ্বারে পৌঁছে দিতে এই সম্মেলন। স্বাস্থ্যখাতের সার্বিক পরিস্থিতি অবহিত হয়ে ইউএইচএফপিও সম্মেলনে নির্দেশনা দেন সরকার প্রধান।
স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য সেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী।
বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা দেয়া হয়নি। এটি ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য সরকার প্রধানের। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সহ সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অংশ নেন।






















