ফেনীতে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৬০৬ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে মেহেরাজ হোসেন সোহান (৩২) নামে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সোনাগাজী সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোহান ছাড়াইতকান্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক। পারিবারিক কলহ ও এক সন্তানের অসুস্থতা নিয়ে হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।
পুলিশ জানায়, কয়েক দিন আগে স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন সোহান। তিন-চার দিন ধরে তার মোবাইল ফোন বন্ধ থাকায় শুক্রবার স্ত্রী অপি আক্তার বাসায় গিয়ে তাকে আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। শনিবার ময়নাতদন্ত শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে সোহানকে দাফন করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





















