নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের প্রতিবাদ
- আপডেট সময় : ০১:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
রাজশাহী থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ এবং এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন।
সোমবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল কাসেম ও সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো প্রতিষ্ঠার পর থেকেই রাজশাহী বিভাগের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে এর প্রধান কার্যালয় রাজশাহীতে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি রাজশাহী মহানগরীর অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান এবং প্রশাসনিক গুরুত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
বার অ্যাসোসিয়েশন মনে করে, একটি সুপ্রতিষ্ঠিত সরকারি সংস্থাকে তার প্রতিষ্ঠাকালীন কেন্দ্র থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ রাজশাহীবাসীর ন্যায্য অধিকার ও স্বার্থের পরিপন্থী। এ ধরনের পদক্ষেপ রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও তারা উল্লেখ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য এবং প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগ আইনজীবী সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
এ অবস্থায় নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তরের যেকোনো উদ্যোগ অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে























