দক্ষ জনবলের সংকটে অচল সাতক্ষীরার আধুনিক চিংড়ি ল্যাব
- আপডেট সময় : ০২:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দক্ষ কারিগরি জনবলের সংকটে সাতক্ষীরার এল্লার চরে প্রতিষ্ঠিত ‘চিংড়ি চাষ প্রদর্শনী খামারে’র আধুনিক ল্যাবের কার্যক্রম প্রায় থমকে গেছে। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপিত পিসিআর ল্যাব, হ্যাচারি ও কোয়ারেন্টাইন ল্যাবের কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় চিংড়ি চাষীরা। এতে অকেজো হওয়ার ঝুঁকিতে পড়েছে আধুনিক যন্ত্রপাতি। তবে দক্ষ টেকনিশিয়ান চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ।
সাতক্ষীরার চিংড়ি শিল্পকে আধুনিক করতে ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করা হয় চিংড়ি চাষ প্রদর্শনী খামার। তবে দীর্ঘ দিন ধরে প্রয়োজনীয় জনবল ও দক্ষ টেকনিশিয়ানের অভাবে থমকে আছে এর স্বাভাবিক কার্যক্রম।
প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে স্থাপিত পিসিআর ল্যাব ও কোয়ারেন্টাইন ইউনিট থাকলেও কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় চিংড়ি চাষীরা। ব্যবহার না থাকায় কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কায় ঘের মালিকরা।
দ্রুত দক্ষ টেকনিশিয়ান নিয়োগের দাবি জানান চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।
প্রদর্শনী খামারের দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, জনবল সংকটের কারণে মৎস্য চাষীদের প্রয়োজনীয় পরামর্শ দিতে পারছেন না তারা।
জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, দক্ষ জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে।
অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে আধুনিক এই ল্যাবটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে—এমনটাই প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিংড়ি-নির্ভর হাজারো চাষীর।


























