থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৮, আহত অন্তত ২৫
- আপডেট সময় : ১২:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি মালবাহী ট্রেনের সঙ্গে পাবলিক বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত এবং আরও ২৫ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকেলে ব্যাংককের একটি বিমানবন্দর রেল লিঙ্ক স্টেশনের কাছে অশোক-দিন ডায়েং রোডের একটি ব্যস্ত রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই বাস এবং আশেপাশে থাকা কয়েকটি যানবাহনে দাউদাউ করে আগুন ধরে যায়। থাই গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এপির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্যাংকক থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বাসটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যারিয়ার নেমে আসে, যার ফলে বাসটি লাইনের ওপরই আটকা পড়ে। ঠিক সেই মুহূর্তেই দ্রুতগতির মালবাহী ট্রেনটি এসে স্থির দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয় এবং বেশ কিছু দূর হিঁচড়ে নিয়ে যায়। ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যাওয়ার পরপরই এটিতে প্রচণ্ড বিস্ফোরণসহ আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ায় চারপাশ ছেয়ে যায়। আগুন দ্রুত আশেপাশে থাকা অন্যান্য গাড়ি ও মোটরসাইকেলেও ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা জ্বলন্ত ধ্বংসস্তূপ থেকে হতাহতদের বের করে আনার জন্য দীর্ঘক্ষণ চেষ্টা চালান। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং আহত ২৫ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে যাদের মধ্য
কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
থাই সংবাদমাধ্যম ‘খাওসোদ ইংলিশ’ জানিয়েছে, মালবাহী ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় চাচোয়েংসাও প্রদেশ থেকে ব্যাংককের ব্যাং সু ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছিল এবং বাসটি ব্যাংককের পূর্ব শহরতলী থেকে সিটি সেন্টারের দিকে যাচ্ছিল।


























