খুরা রোগের ভ্যাকসিনের পর্যাপ্ত উৎপাদন হচ্ছে: কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৪:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও খুরা রোগ প্রতিরোধে দেশে পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, এসব রোগ নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার রায়ঁচু ঈদগাহ মাঠে এক টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাড়ানো হয়েছে ভ্যাকসিন উৎপাদন
মন্ত্রী বলেন, কুমিল্লায় স্থাপিত ভ্যাকসিন কারখানায় উৎপাদন বাড়ানো হয়েছে। গত বছর পাঁচ লাখ ভ্যাকসিন উৎপাদন করা হয়েছিল। এ বছর প্রায় ২০ লাখ ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
তিনি জানান, আগে আমদানি করা ভ্যাকসিনের দাম ছিল প্রায় ২৫০ টাকা। দেশে উৎপাদন শুরু হওয়ায় এখন প্রতিটি ভ্যাকসিনের দাম রাখা হয়েছে মাত্র ৫০ টাকা। এতে কৃষক ও গৃহস্থরা কম খরচে গবাদিপশুকে টিকা দিতে পারবেন।
গরু মারা যাওয়ার শঙ্কা নেই
কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ল্যাম্পি স্কিন ডিজিজ কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না। রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি কৃষকদের নিয়ম মেনে গবাদিপশুকে টিকা দেওয়ার আহ্বান জানান।
কয়েক মাসের সার মজুদ রয়েছে
দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, কয়েক মাসের জন্য দেশে পর্যাপ্ত সার রয়েছে।
তবে একটি শ্রেণি সরকারকে বিব্রত করতে সারের সংকট নিয়ে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।























