কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে: কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেন, দেশের ৭৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত। অথচ কৃষকের কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো নিশ্চিত হয়নি।
আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীর ফুলগাজীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জনসভাস্থল ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করাই সরকারের লক্ষ্য
কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা সবাই কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছি। দেশের বড় একটি জনগোষ্ঠী কৃষির ওপর নির্ভরশীল। এরপরও কৃষকের উন্নয়ন কেন হচ্ছে না, সেটি নিয়ে ভাবতে হবে।’
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। বহু বছর পর দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করেছে। তাই কৃষকের জীবনমান উন্নয়ন এবং তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, কৃষক ভালো থাকলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। কৃষকের উৎপাদন বাড়াতে এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে।
জনসভাস্থল পরিদর্শন
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বরের জনসভাকে কেন্দ্র করে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের প্রস্তুতি দেখতে যান কৃষিমন্ত্রী। এ সময় তিনি মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনী উপপরিচালক আতিক উল্যাহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও গ্রামবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদসহ সংশ্লিষ্টরা।
























