ইরানের দুই তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা
- আপডেট সময় : ১১:১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইরানের উপকূলীয় এলাকায় এ হামলা চালানো হয়। যুদ্ধ শুরুর পর ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার ঘটনা এটিই প্রথম বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতি
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এর আওতায় ইরানের দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।
এক মার্কিন কর্মকর্তার দাবি, ইরান কোনো ট্যাংকারে হামলা চালালে যুক্তরাষ্ট্রও পাল্টা হিসেবে ইরানি ট্যাংকারকে লক্ষ্য করবে।
এর আগে ইরানের তেলবাহী জাহাজের চলাচলে বাধা দেওয়া হলেও সরাসরি হামলার ঘটনা ঘটেনি।
ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
মার্কিন বাহিনী হামলা চালানোর সময় ট্যাংকার দুটি ইরানের উপকূলে নৌ-অবরোধ এলাকার উত্তরে অবস্থান করছিল। এ সময় জাহাজ দুটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
হামলায় ট্যাংকার দুটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
পাল্টা জবাবের দাবি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান মার্কিন ট্যাংকার ও সেনাদের ওপর হামলা চালিয়েছে। এর জবাব হিসেবেই ইরানের ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।
হরমুজ প্রণালি ঘিরে বড় পরিকল্পনা
এদিকে হরমুজ প্রণালিতে ইরান যাতে রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে না পারে, সে জন্য যুক্তরাষ্ট্র বড় ধরনের পরিকল্পনা নিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
তাদের দাবি, ইরানের তেলবাহী ট্যাংকারে হামলাও ওই পরিকল্পনার অংশ।
এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ইরান প্রায় ১০০টি হামলা চালিয়েছে। এসব হামলার জবাব দিতেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে পাল্টা অভিযান চালানো হয়েছে।




















