আওয়ামী লীগ ভয়ানক প্রতিহিংসা পরায়ণ: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ১৭২২ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শাসক দল আওয়ামী লীগ ভয়ানক প্রতিহিংসা পরায়ণ। প্রতিহিংসা ছেড়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেবার আহ্বান জানিয়ে তিনি বলেন, হার্ট, কিডনী ও লিভারের সমস্যা নিয়ে খালেদা জিয়া বর্তমানে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছেন। ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।
দেশে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে দেশব্যাপি বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব প্রতিহিংসা বাদ দিয়ে বেগম জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা ও মুক্তির দাবি জানান।
দেশে রাজনীতির মতো-প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করেছে আওয়ামী লীগ এমন অভিযোগ করে তিনি বলেন, গত ৫-৬ বছরে দেশ থেকে ৬ লাখ কোটি টাকা পাচার করেছে দলটির নেতাকর্মীরা। গণতন্ত্র রক্ষা ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।














