অপরাধ করে দেশছাড়া হলে ফেরার সুযোগ নেই: সুলতান সালাউদ্দিন টুকু
- আপডেট সময় : ০৫:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
অপরাধ করে দেশ থেকে বিতাড়িত বা পালিয়ে যাওয়া ব্যক্তিদের দেশে ফিরে আসার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আয়োজিত বিশেষ সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা অপরাধ করেছেন, তাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। এটি আইনি প্রক্রিয়ার বিষয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, অপরাধ করে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন বা দেশ থেকে বিতাড়িত হয়েছেন, তাদের দেশে আসার আর কোনো সুযোগ নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ সভায় সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। তারা দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।























