অর্থ পাচারের ক্ষতি পুষিয়ে অর্থনীতি সচল রাখা বড় চ্যালেঞ্জ: এমপি মিলন
- আপডেট সময় : ০৬:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশ থেকে বিপুল অর্থ পাচারের কারণে অর্থনীতিতে তৈরি হওয়া চাপ কাটিয়ে অর্থনীতি সচল রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
রোববার (২৩ আগস্ট) পবা উপজেলার হরিয়ান, হরিপুর ও দামকুড়া ইউনিয়নে বিভিন্ন সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এমপি মিলন বলেন, অর্থনীতির গতি বাড়াতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান ও মানুষের আয় বাড়ানোর সুযোগ সৃষ্টি করতে হবে। কৃষি, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্থানীয় শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হবে। সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড ও সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
উন্নয়নকাজে অনিয়ম, বিশৃঙ্খলা ও চাঁদাবাজি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, কাজের মান নিয়ে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ অনৈতিক সুবিধা নিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এদিন পবার বিভিন্ন ইউনিয়নে মোট ৪ হাজার ৪৮০ মিটার সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় সড়কের পাশে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।


























