জামালপুর-ঢাকা রুটে সব বাস চলাচল বন্ধ
- আপডেট সময় : ০২:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
জামালপুরে রাজিব পরিবহনের বাস ভাঙচুরের প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন। বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
দুর্ঘটনার পর বিক্ষোভ
গত ৩১ আগস্ট রাতে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহত হন অন্তত ১৬ জন।
স্থানীয়দের অভিযোগ, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে রাজিব পরিবহনের বাস বেপরোয়া গতিতে চলাচল করে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ রয়েছে।
রাজিব পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও প্রতিকার মেলেনি বলে দাবি স্থানীয়দের।
দুটি বাসে ভাঙচুর
এর প্রতিবাদে বুধবার বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা রাজিব পরিবহনের রোড পারমিট বাতিল এবং বাস চলাচল বন্ধের দাবি জানান।
কর্মসূচি চলাকালে ঢাকা ও জামালপুরগামী রাজিব পরিবহনের দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে বাস দুটি নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে নিয়ে ভাঙচুর করা হয়।
বাস চলাচল বন্ধ ঘোষণা
এ ঘটনার পর রাজিব পরিবহনের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বুধবার রাতে জামালপুর বাস পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন জামালপুর-ঢাকা রুটে সব বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাগামী ও জামালপুরগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে জামালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।























