৭ বছর পর ভারত সফরে আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
- আপডেট সময় : ১২:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকস সম্মেলনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন। ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে এবারের ব্রিকস সম্মেলন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিংয়ের সফর ঘিরে চীনা কর্মকর্তারা হোটেল নির্বাচন ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে কাজ করছেন। ২০১৯ সালের পর এটি হবে তার প্রথম ভারত সফর।
২০১৯ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন শি। ওই সময় তার সঙ্গে প্রায় ২০০ কর্মকর্তার বহর ছিল। এবার তার সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রায় ৪০০ কর্মকর্তা।
২০১৯ সালের সফরের পর ২০২০ সালে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এর পর দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ অবস্থায় ছিল।
তবে গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেইজিং সফরের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। মোদি এর আগে সর্বশেষ ২০১৮ সালে চীন সফর করেছিলেন।
ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিনের। অরুণাচল প্রদেশ ও লাদাখের কিছু এলাকা নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে। শি জিনপিংয়ের আসন্ন সফরে এসব ইস্যুতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ব্রিকস সম্মেলনের ফাঁকে শি জিনপিং ও নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনা কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিং ব্রিকস জোটকে গুরুত্বপূর্ণ মনে করে এবং ভারতের আয়োজনে এবারের সম্মেলনে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত রয়েছে।




















