চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৫:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের গাড়িচালক মো. সজিব হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—হবিগঞ্জের বানিয়াচং থানার মো. নুরুল আমিন, কুমিল্লার দেবীদ্বার থানার মো. শাহজাহান এবং ফেনী সদর উপজেলার মো. নুরুল আলম টুটুল। রায় ঘোষণার সময় নুরুল আলম টুটুল আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ অক্টোবর পাহাড়তলী থানার টোল রোডের পূর্ব পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে মরদেহটি নোয়াখালীর চাটখিলের বাসিন্দা গাড়িচালক মো. সজিবের বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় নিহত সজিবের ছোট ভাই ইকবাল হোসেন রবিউল বাদী হয়ে পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।





















