রাবিতে এআই নেভিগেটর সনদ প্রদান, এআই কর্মশালা ও এআই কনফিডেন্ট কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রবিবার সেন্ড এ লিটল হোপ-এর উদ্যোগ ‘এআই ফর অল’-এর আওতায় অনুষ্ঠিত হয় রাজশাহী বিভাগের ‘এআই নেভিগেটর ২০২৬’-এর সনদ প্রদান ও উদ্ভাবিত প্রকল্প প্রদর্শনী। একই অনুষ্ঠানে শিক্ষকদের জন্য নতুন উদ্যোগ ‘এআই কনফিডেন্ট’ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। এদিন সকাল ১১টায় সিনেট ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, এআই ফর অল-এআই নেভিগেটর এর বাংলাদেশ প্রতিনিধি মো. সাদমান সাকিব চৌধুরী ও সেন্ড এ লিটল হোপ-এর সিইও মুজাহিদুল ইসলাম। রাবি ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক (সিসিডিসি) প্রফেসর নূরুল মোমেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘এআই নেভিগেটর ২০২৬’ কর্মসূচির আওতায় বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। উপাচার্য প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করেন।
পরে Navigating the AI Future শীর্ষক সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, টিচেবল মেশিন, আধুনিক এআই টুলস, এআই-ভিত্তিক উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও এআই ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব।
দেশের সর্বস্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি এই কর্মসূচির লক্ষ্য। এই অনুষ্ঠানে বাংলাদেশের উচ্চশিক্ষায় দায়িত্বশীল ও কার্যকর এআই ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ‘এআই ফর অল’ উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, শিল্পখাতের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।



















