বরিশালে নতুন পুলিশ কমিশনারের যোগদান
- আপডেট সময় : ০৭:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু রায়হান মুহাম্মদ সালেহ। বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিএমপির কর্মকর্তারা।
আবু রায়হান মুহাম্মদ সালেহ বরিশালে নতুন নন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সিটিএসবি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিটেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জন্য সহকর্মী এবং সাধারণ মানুষের কাছেও তিনি একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, বরিশালের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, অপরাধ, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনের পাশাপাশি জনগণের দোরগোড়ায় আধুনিক, দ্রুত ও জনবান্ধব পুলিশি সেবা পৌঁছে দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
























