স্বাস্থ্যখাতে বাজেটের সুফল পৌঁছাতে হবে রোগীর দোরগোড়ায়: এমপি মিলন
- আপডেট সময় : ০৫:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি তখনই অর্থবহ হবে, যখন তার সুফল শহরের পাশাপাশি গ্রামের প্রত্যন্ত এলাকার সাধারণ রোগীর কাছেও পৌঁছাবে। শুধু বাজেট বাড়ালেই দায়িত্ব শেষ হয় না; বরাদ্দের প্রতিটি টাকা যেন মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যয় হয়, সে বিষয়েও জবাবদিহি থাকতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল ইসলাম মিলন। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২টায় পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় এমপি মিলন বলেন, একটি দেশের উন্নয়ন শুধু সেতু, সড়ক কিংবা বড় বড় অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। উন্নয়নের প্রকৃত মানদণ্ড হলো সাধারণ মানুষ কত সহজে, দ্রুত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাত অবহেলা, অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছে। বিপুল অর্থ ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হলেও তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি।





















