চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশীদের ইজারা না দেওয়ার দাবিতে পদযাত্রা
- আপডেট সময় : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারার প্রশ্নে সরকারকে অবশ্যই জনগণের কথা শুনার আহ্বান জানিয়েছেন বন্দর রক্ষা কমিটি। সোমবার দুপুরে বন্দর নগরীর আগ্রাবাদ বাদামতলি মোড় এলাকা থেকে বন্দর অভিমুখে হওয়া পদযাত্রা কর্মসূচিতে বন্দর রক্ষা কমিটি নেতৃবৃন্দ এই দাবি জানান।
‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে এনসিটি, সিসিটিসহ চট্টগ্রাম বন্দরের কোন স্থাপনা দেশি-বিদেশি মালিকানায় ইজারা না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের অর্থনীতির হৃৎপিন্ড চট্টগ্রাম বন্দর। দেশি বিদেশি লুটেরারা এই হৃৎপিন্ড কেড়ে নিতে চায়। চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনালগুলো বাংলাদেশের মানুষের রক্তে, ঘামে ও অর্থে করা উল্লেখ করে বক্তারা বলেন বন্দর কর্তৃপক্ষ ও সরকারের অদক্ষতার দায় শ্রমিকদের উপর চাপিয়ে বন্দরকে বিদেশিদের হাতে দেয়া যাবে না। বন্দর বিদেশিদের দিয়ে দিলে তারা বাংলাদেশের টুটি চেপে ধরবে মন্তব্য করে এসময় নেতৃবৃন্দ বলেন চট্টগ্রাম বন্দর বাংলাদেশ সরকারের অধীনে চলবে। এর সাথে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা জড়িত।
পদযাত্রার আগে বাদামতলি মোড়ে হওয়া সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার, ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, ডক বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম।



























