ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ০১:৩৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১৮৪২ বার পড়া হয়েছে
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ ভোরে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। হামলার কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন, রাশিয়া দেশজুড়ে ‘বড় ধরনের হামলার’ প্রস্তুতি নিচ্ছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কিয়েভের পাশাপাশি দিনিপ্রো ও ক্রিভি রিহ শহরও রুশ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রথম দফার হামলার পর আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভের দিকে ছোড়া হয়েছে বলেও জানানো হয়।
আরও হামলার আশঙ্কায় সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার অনুরোধ জানানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বহু মানুষ কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন। কেউ মেঝেতে কম্বল পেতে, আবার কেউ ছোট তাঁবু খাটিয়ে রাত কাটানোর চেষ্টা করছেন।
পাল্টাপাল্টি হামলায় বিধ্বস্ত ইউক্রেন-রাশিয়ার বিভিন্ন অঞ্চল। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দু দেশেই বাড়ছে হতাহতের সংখ্যা। মঙ্গলবার রাশিয়ার বেলগোরদে একটি যাত্রীবাহী বাসে ইউক্রেনের ড্রোন হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এক রাতেই মস্কোকে লক্ষ্য করে প্রায় ৪০০ টি ড্রোন ছুড়েছে ইউক্রেন।


























