ঈদ পরবর্তী ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার
- আপডেট সময় : ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ঈদ পরবর্তী ছুটিতে লাখো পর্যটকে মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কানায় কানায় পরিপুর্ণ কক্সবাজারের সাড়ে ৫ শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউস। তবে কোথাও কোথাও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করছেন পর্যটকরা। আর অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট। একই সাথে পর্যটকদের সব ধরনের সহযোগিতায় বাড়তি নিরাপত্তা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ।
দলে দলে সৈকত বালিয়াড়িতে নামছে শত শত নারী-পুরুষ। প্রথম দেখাতে এটি কোন সভা-সমাবেশে যোগদানের দৃশ্য মনে হলেও মূলত: সবার উদ্দেশ্য-সমুদ্র দর্শন।
বালিয়াড়ি পেরিয়ে একটা সময় লবন জ্বলে নিজেদের শরীর ভেজাতে সমুদ্রস্নানে নেমে পড়েন বেশিরভাগ মানুষ। তারপর উত্তাল ঢেউয়ের সাথে মিতালী জমায় পর্যটকরা। তাইতো ভ্রমনানন্দে ভাল লাগার অনুভূতিই কেবল সাংবাদিকের প্রশ্নের জবাব।
সমুদ্রের নীল জলরাশি আর দীর্ঘ সৈকতের নয়নাবিরাম অপরূপ দৃশ্য যে কাউকেই আন্দোলিত করে। তাই প্রতিনিয়ত ভ্রমণ পিপাসুদের কাছে টানে দেশের প্রধান এই বিনোদন কেন্দ্র। যেখানে এসে আনন্দ উচ্ছ্বাসের যেন কমতি নেই এসব পর্যটকের।
সংশ্লিষ্টদের দাবী-ইতোমধ্যে দুই লক্ষাধিক পর্যটকে মুখর হয়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম এই সৈকত। হোটেল-মোটেল-গেস্ট হাউজের বেশিরভাগ কক্ষই এখন পরিপূর্ণ।
























