খরতাপে অস্থির উত্তরাঞ্চলের মানুষ
- আপডেট সময় : ১১:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে বগুড়াসহ পুরো উত্তরাঞ্চল। দিনের পর দিন নেই বৃষ্টির দেখা। প্রখর রোদ আর গরম বাতাসে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে কৃষক—সবাই তাকিয়ে আছেন আকাশের দিকে। এক পশলা বৃষ্টির আশায় প্রহর গুণছেন তারা। তবে আবহাওয়া অফিস বলছে, দু’একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জ্যৈষ্ঠ মানেই গরম। কিন্তু এবারের জ্যৈষ্ঠ যেন আরও কঠিন। সূর্য যেন আগুন ছড়াচ্ছে আকাশ থেকে। বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষের জীবন মানে গরমের সঙ্গে যুদ্ধ। চলতি মৌসুমে বগুড়ায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। দুপুর হলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে চান না।
গরমের কষ্ট শুধু শহরে নয়, গ্রামেও একই চিত্র। বৃষ্টির অভাবে তৃষ্ণার্ত মাঠ। গরম থেকে সামান্য স্বস্তির জন্য শীতল পানির খোঁজে সাধারণ মানুষ।
তবে আশার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস। বলছে, আগামী দু’-এক দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাই এখন আকাশের দিকে তাকিয়ে মানুষ। প্রতীক্ষা একটাই। কালো মেঘ আসুক। বৃষ্টি নামুক। শীতল হয়ে উঠুক প্রিয় জনপদ।





















