দেশের পনের জেলা ও তিন বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ
- আপডেট সময় : ১১:২১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দেশের পনের জেলা ও তিন বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় ৭২ ঘণ্টার জন্য জারিকৃত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয় দেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ এবং রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারিপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে প্রবাহমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
তবে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ৭ ডিগ্রি এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো সৈয়দপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ দুপুর পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম- উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।





















