গাজাগামী ত্রাণবহরে ইসরাইলি অভিযান, ফিরে এসে বিস্ফোরক অভিযোগ অ্যাক্টিভিস্টদের
- আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
গাজার মানুষের জন্য ত্রাণ আর সংহতির বার্তা নিয়ে।সমুদ্রে পাড়ি দিয়েছিলেন একদল আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট। কিন্তু সেই যাত্রা শেষ হয়েছে আটক, জিজ্ঞাসাবাদ আর নির্যাতনের অভিযোগে। ফিরে এসে ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ফরাসি ফ্লোটিলা অ্যাক্টিভিস্টরা।
রয়টার্সের ফুটেজে দেখা যায়,ইসরাইলে আটক হওয়ার পর নিজ নিজ দেশে ফিরছেন গাজাগামী ত্রাণবহরের সদস্যরা বিমানবন্দরে নেমেই তাদের কেউ কেউ অভিযোগ করেন, আটক অবস্থায় মানসিক নির্যাতন, অপমান এমনকি যৌন নিপীড়নেরও শিকার হয়েছেন তারা। অ্যাক্টিভিস্টদের দাবি, গাজার উদ্দেশ্যে যাত্রা করা তাদের জাহাজটি আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি অবস্থানকালে ইসরাইলি বাহিনী থামিয়ে দেয়।পরে জাহাজের যাত্রীদের আটক করে নিয়ে যাওয়া হয়।
ফুটেজে দেখা যায়, ফিরে আসা কর্মীদের ঘিরে স্বজন আর মানবাধিকার কর্মীদের ভিড়। কারও চোখে কান্না, কারও কণ্ঠে ক্ষোভ। অনেকে বলছেন, তারা শুধু গাজার মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। ফরাসি মানবাধিকার সংগঠনগুলোও এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। তাদের অভিযোগ, আন্তর্জাতিক মানবিক সহায়তা মিশনে থাকা নিরস্ত্র কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। অন্যদিকে ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, গাজামুখী অবরোধ ভাঙার চেষ্টা ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দাবি,নিরাপত্তার স্বার্থে সব কার্যক্রম পরিচালিত হয়েছে আইন মেনেই।
তবে এ ঘটনাকে ঘিরে ইতোমধ্যেই ইউরোপসহ বিভিন্ন দেশে ক্ষোভ বাড়তে শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই প্রশ্ন তুলছেন মানবিক সহায়তা বহনকারী কর্মীদের সঙ্গে এমন আচরণ কতটা গ্রহণযোগ্য?
যুদ্ধ, অবরোধ আর মানবিক বিপর্যয়ের এই সময়ে গাজা যেন হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর নাম। আর সেই গাজায় পৌঁছাতে গিয়ে আটক হওয়া এই অ্যাক্টিভিস্টদের অভিযোগ নতুন করে ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক উদ্বেগ আর বিতর্ক।
























