অস্ত্রবাহি কয়েক ডজন মার্কিন বিমান তেলআবিবে অবতরণ
- আপডেট সময় : ০৪:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। এরইমধ্যে জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কয়েক ডজন বিমান ইসরাইলে অবতরণ করেছে। ইসরাইলের গণমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব মার্কিন কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতির অংশ হিসেবে এগুলো ইসরাইলে অবতরণ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (১৭ মে) নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে একটি ছবি পোস্ট করেন।
এতে ইরানের একটি মানচিত্রের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা বসানো হয়েছে এবং চারদিক থেকে তীরচিহ্ন ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। যা সামরিক চাপ ও ঘেরাওয়ের ইঙ্গিত দেয়।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান (কেএএন) এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সঙ্গে পুনরায় সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।


























