কুমিল্লায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ৬০ হাজার গবাদি পশু
- আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
কুমিল্লায় কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে প্রায় ২ লাখ ৬০ হাজার গবাদি পশু। জেলার চাহিদা মিটিয়ে প্রায় ১২ হাজার পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। কুমিল্লার কিং, রাজা বাবু ও কালো মানিকসহ বাহারি নামের গরু এবারো জেলার হাট মাতাবে বলে আশা খামারীদের।
কুমিল্লার প্রায় ৩৬ হাজার ৮০টি খামারে কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে প্রায় ২ লক্ষাধিক গরু। ছোট, মাঝারি ও বড় আকৃতির গরুগুলোর গায়ের রঙ ও গঠন আকর্ষণীয় হওয়ায় ক্রেতাদের নজর কাড়বে বলে মনে করছেন খামারিরা।ফার্মগুলোতে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা মূল্যের গরু বেশি রয়েছে। এছাড়া কয়েকটি খামারে রয়েছে দেড় লাখ থেকে ৬ লাখ টাকা দামের গরুও।
বিভিন্ন খামারে বাহারি নামের গরু লালন-পালন করছেন খামারিরা। এর মধ্যে এক হাজার কেজি ওজনের ‘রাজা বাবু’ গরুর দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। আর ৬শ কেজি ওজনের ‘কালোমানিক’-এর দাম ধরা হয়েছে ৫ লাখ টাকা। এছাড়াও খামারগুলোতে শাহীওয়াল ও হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু পালন করা হচ্ছে। ঘাস, গম, ভুট্টা ও দানাদার খাবার খাইয়ে গরুগুলো বড় করা হয়েছে।
খামারিরা বলছেন, গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম। তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা।
জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, এবার কুমিল্লায় মোট ২ লাখ ৫৯ হাজার গবাদি পশু প্রস্তুত রয়েছে। এর বিপরীতে চাহিদা রয়েছে প্রায় ২ লাখ ৪৭ হাজার। ফলে প্রায় ১২ হাজার পশু উদ্বৃত্ত থাকবে।
খামারিদের প্রত্যাশা, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ বন্ধ থাকলে স্থানীয় খামারিরা পশুর ন্যায্য মূল্য পাবেন।

























