কক্সবাজারের আকাশে মিসাইল যা জানা গেল শেষ পর্যন্ত
- আপডেট সময় : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
কক্সবাজার সমুদ্রসৈকতের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের ওপর দিয়ে গতকাল সন্ধ্যায় দ্রুতগতিতে দক্ষিণ দিকে টেকনাফের দিকে ছুটে গেছে মিসাইল আকৃতির এক আলোর ঝলক। কয়েক মিনিটের মাথায় সেটি অদৃশ্য হয়ে যায়। সৈকতে দাঁড়ানো পর্যটকেরা মুঠোফোনে এই দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগের মাধ্যমে যা মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকাশের এক কোনায় বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে পড়ে। তার কিছুটা দূরে আলো ছড়িয়ে টেকনাফের দিকে দ্রুত ছুটতে থাকে মিসাইল আকৃতির আলোর ঝলকটি। কয়েক মিনিটের মাথায় সেটি অদৃশ্য হয়ে যায়। দৃশ্যটি সৈকতে দাঁড়ানো পর্যটকের পাশাপাশি শহরের বাসিন্দারা বাসাবাড়ির ছাদে দাঁড়িয়েও প্রত্যক্ষ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ বলেন, কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে আকাশের যে আলোর ঝলক ছুটতে দেখা গেছে, সেটির বিষয়ে ঢাকার আবহাওয়াবিদদের ভিডিও ও ছবি পাঠিয়ে মন্তব্য চাওয়া হয়েছিল। তাঁরা জানিয়েছেন, এটি আবহাওয়াগত বিষয় না।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ভারত বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৬-এর পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে পারে। এ জন্য ৬ থেকে ৯ মে পর্যন্ত
বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছে দেশটি এবং ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে নোটিশ টু এয়ারম্যান জারি করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বঙ্গোপসাগরের ওপর দিয়ে মিসাইল আকৃতির যে আলোর ঝলক ছুটে গেছে, তার বিস্তারিত জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে এটিকে মিসাইল মনে হয়েছে। কিন্তু এটি কেন বা কারা ছুড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হঠাৎ আকাশে এমন অস্বাভাবিক আলোর ঝলক দেখে কেউ রোমাঞ্চিত হয়েছেন, আবার অনেকের মধ্যেই তৈরি হয়েছে আতঙ্ক ও রহস্যের অনুভূতি। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ।






















