চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় তিনজন নিহত
- আপডেট সময় : ০৩:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় একজন বৌদ্ধ ভিক্ষুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দুর্ঘটনাগ্রস্ত মাইক্রোবাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আহতরা শংকা মুক্ত নয়।
নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মংশি মগের ছেলে। নিহত বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহত ও আহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাচ্ছিল বলে জানা গেছে।
























