আমের উৎপাদন নিয়ে শঙ্কায় রাজশাহীর আম চাষিরা
- আপডেট সময় : ১২:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বৈরী আবহাওয়ায় রাজশাহীতে ঝরে যাচ্ছে আমের মুকুল। তাই আম বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের। মৌসুমের শুরুতে গাছে বাম্পার মুকুল আসলেও প্রতিকূল আবহাওয়ায় তা ঝরে গেছে। এতে করে কাঙ্খিত ফলন বঞ্চিতের আশঙ্কা করছেন চাষিরা।
গাছে গাছে আমের কুড়ালি জানান দিচ্ছে সামনে মধুমাস জ্যৈষ্ঠের। বাগান মালিক, আম চাষী, বিক্রেতা ও ভোক্তা সকলের দৃষ্টি যেন এই আমের দিকে। দেশে আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ তথা রাজশাহী অঞ্চল। খোদ এই অঞ্চলেই আম চাষে এবার বড় ধ্বস। এতে করে আমের উৎপাদন নিয়ে শঙ্কায় আম চাষিরা।
আম গবেষকরা বলছেন, এবছর সঠিক সময়ে গাছে মুকুল আসলেও গাছে গুটি ধারণের সময় বৈরী আবহাওয়া ও কৃষকদের অসচেতনতাই ক্ষতির বড় কারণ।
এদিকে কৃষি বিভাগ বলছে, রাজশাহী জেলায় এবার ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে রয়েছে আমবাগান। যা থেকে ২ লাখ ৪৪ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করছেন তারা।
প্রতিবছরই এই অঞ্চলে পরিপক্ক হবার আগেই ঝরে পড়ে প্রচুর আম। প্রসেসিংয়ের মাধ্যমে ঝরে পড়া আম থেকেও অর্জন করা সম্ভব বিপুল অংকের অর্থ। এতে করে একদিকে যেমন লাভবান হবেন কৃষকরা তেমনি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। আর এজন্য প্রয়োজন, সরকারি বেসরকারি উদ্যোগ, বলছেন বিশেষজ্ঞরা।


























