খুলনা-মংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর–কনে ও শিশুসহ নিহত ১৪
- আপডেট সময় : ১০:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বর-কনে ও শিশুসহ ১৪ জন। বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসকে নৌবাহিনীর একটি বাস চাপা দিলে মাইক্রোবাসের সব যাত্রী নিহত হন। তাদের মধ্যে একই পরিবারের ১২ জন। নিহতদের মরদেহ রাখা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর।
স্বপ্নের নতুন সংসার শুরু হওয়ার আগেই থেমে গেল সাব্বির ও মিতুর জীবনের গল্প। কয়েক ঘণ্টা আগেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। কিন্তু আনন্দযাত্রা শেষ হলো শোকের মিছিলে। বৃহস্পতিবার বিকেলে খুলনা–মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাসকে চাপা দেয় নৌবাহিনীর বাস। এতে ঘটনাস্থলেই নবদম্পতিসহ মাইক্রোবাসের ১৪ আরোহী নিহত হন।
স্বজনরা জানান, দুপুরে কয়রা উপজেলার নাকশা এলাকায় মিতুর সঙ্গে সাব্বিরের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে মোংলা উপজেলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বরযাত্রীদের মাইক্রোবাস। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বেলাইব্রিজ এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ নেয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে স্বজনদের কান্না আর আহাজারিতে তৈরি হয় হৃদয়বিদারক দৃশ্য। যেদিন থাকার কথা ছিল আনন্দ আর উৎসব, সেই দিনই নেমে এলো গভীর শোকের ছায়া।
পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্বজনদের দাবি, দুর্ঘটনায় দায়ীদের খুঁজে বের করে যথাযথ শাস্তি ও ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে হবে।


























