সুপেয় পানি সংকটের ঝুঁকিতে ২৫টি উপজেলার সাড়ে ৫ হাজার গ্রাম
- আপডেট সময় : ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সুপেয় পানি সংকটের ঝুঁকিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ২৫টি উপজেলার সাড়ে ৫ হাজার গ্রাম। এরমধ্যে ৪৭টি ইউনিয়নের ১ হাজার ৫ শ’ ৩টি মৌজাকে অতি উচ্চ পানি সংকটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় পানির সংকট যেমন নারীদের জীবনকে বিপন্ন করে তুলছে, তেমনি কৃষকদের মুখের হাসিও কেড়ে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরো ভয়াবহ হতে পারে পানি সংকট।
বরেন্দ্র অঞ্চল খ্যাত সীমান্তবর্তী জেলা নওগাঁ। পানি সংকট এ জেলার দীর্ঘ দিনের সমস্যা। সম্প্রতি এই সমস্যা আরো প্রকট রূপে দেখা দিয়েছে। সম্প্রতি বরেন্দ্র অঞ্চলের রাজশাহী নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ২৫টি উপজেলা ৪৭টি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। যা দেশের ইতিহাসে প্রথম। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত সেচ ও অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে এই অঞ্চলে পানির স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে। এতে কৃষি কাজ যেমন ব্যাহত হচ্ছে তেমনি হুমকির মুখে পড়েছে খাদ্য নিরাপত্তা। বিশ্লেষকরা বলছেন, টেকসই পানি ব্যবস্থাপনা নদী ও খাল পুনরুদ্ধার এবং বিকল্প পানির উৎস তৈরি না হলে এই সংকট আরো গভীর হবে।




















