ব্রাহ্মণবাড়িয়ার খাদলা সীমান্তে বিএসএফ’র গুলিতে দু’জন বাংলাদেশি আহত
- আপডেট সময় : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-এর গুলিতে দু’জন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গেলরাত দেড়টার দিকে উপজেলার শ্যামনগর এলাকার বিপরীতে ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।
রোববার এ তথ্য নিশ্চিত করেন বিজিবি’র সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। বিজিবি জানায়, শ্যামপুর সীমান্তপথে রবিউল ও আজাদসহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল ভারতে অবৈধ অনুপ্রবেশ করে। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে রবিউল ও আজাদ পিঠে ও মুখে গুলিবিদ্ধ হন। সাথে থাকা অন্যরা এসময় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, অবৈধভাবে ভারত সীমান্তের ১৫০ থেকে ২০০ গজ ভেতরে থাকায় বিএসএফ তাদেরকে গুলি করেছে বলে জানতে পেরেছি। গুলিবিদ্ধ ওই যুবকদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ বিষয়ে বিজিবি কোম্পানির কমান্ডার পর্যায়ে সীমান্তে বৈঠকের প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।























