সেবামূলক সরকারি অফিসগুলোতে দালাল ধরতে সারাদেশে অভিযান
- আপডেট সময় : ০৮:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
সেবামূলক সরকারি অফিসগুলোতে দালাল ধরতে সারাদেশে অভিযান চালাচ্ছে রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন- রেব। রোববার রেবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে দেশের বিভিন্ন সরকারি অফিসে অভিযান চালায়। এ সময় শুধু ঢাকা থেকেই গ্রেফতার করা হয় শতাধিক দালালকে। এদিকে রংপুরের পীরগঞ্জ এলাকায় হানিফ পরিবহনের চালক হত্যাসহ বাস ডাকাতির সাথে জড়িত সংঘবদ্ধ আন্তঃজেলা বাস ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে রেব। চক্রটি গত সাত মাসে ৭টি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায় বলে জানায় রেব।
কেরানীগঞ্জে বিআরটিএ অফিসে দালালির অভিযোগে ৩৬ জন ও একই এলাকার পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে ১৫ জনকে আটক করেছে রেব। অন্যদিকে পৃথক অভিযানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৩০ দালাল আটক করেছে রেব। আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকা থেকে ধরেছে দু’জনকে।
এদিকে, গত ৩১ আগস্ট রাতে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হানিফ পরিবহণের একটি বাস রংপুরের পীরগঞ্জে পৌঁছুলে যাত্রীবেশী ডাকাতদের ছুরিকাঘাতে বাসচালক মনজুর হোসেন নিহত হয়। রেব অভিযান চালিয়ে এ হত্যার সঙ্গে জড়িতদেরও গ্রেফতার করেছে।
সিংক: খন্দকার আল মঈন, পরিচালক, রেব
এই ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গগামী বাসে যাত্রীবেশে উঠে ডাকাতি করে আসছিল বলে সংবাদ সম্মেলনে জানায় রেব।












