সাতক্ষীরায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় সংক্রমনের হার
- আপডেট সময় : ০২:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় সংক্রমনের হার। ভোমরা স্থলবন্দর এলাকায় ভারতীয় ট্রাকচালক, সহযোগীসহ সংশ্লিষ্টরা অবাধে চলাফেরা করছে। ভারত থেকে অবৈধ প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি করা হচ্ছে। শুরুতে প্রশাসনের ঢিলেমিতে করোনা সংক্রমন বেড়েছে বলে মনে করে সচেতন মহল।
সাতক্ষীরায় দ্বিতীয় দফায় আরো এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ চলছে। জেলায় করোনা আক্রান্তের শনাক্তের গড় হার ৫০ দশমিক ৫২। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে প্রায় ২৩ শতাধিক নারী-পুরুষ। বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৬৪৭ জন। মারা গেছে ৫২ জন। এছাড়া, উপসর্গ নিয়ে মারা গেছে আড়াই’শ’ মানুষ।
স্বাস্থ্যবিধি মানাতে হিমসিম খাচ্ছে প্রশাসন। শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। বন্ধ রয়েছে দূরপাল্লার বাসসহ সব ধরনের গনপরিবহন। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ভারতীয় ট্রাকচালক, সহযোগীদের খোলামেলা ঘুরে বেড়ানো বন্ধে নজরদারি বাড়িয়েছে পুলিশ ও বিজিবি।
লকডাউনে সাধারন মানুষের চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ইউএনও।গ্রামে গ্রামে স্বর্দি-কাশি জ্বরের মতো নানা উপসর্গ ছড়িয়ে পড়েছে বলে জানান, সিভিল সার্জন।সংক্রমন প্রতিরোধে সীমান্ত এলাকায় কঠোর নজরদারির পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি।
সবাই আন্তরিক না হলে পরিস্থিতির উন্নতি হবেনা বলে মনে করে সচেতন মহল।














