জাতীয় সংসদে পাস হলো হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল-২০২১
- আপডেট সময় : ০৭:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে পাস হলো হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল-২০২১। অনিয়ম করলে নিবন্ধন বাতিল ও ৫০ লাখ টাকা জরিমানার পাশাপাশি কোনো হজ ও ওমরা এজেন্সি সৌদি আরবে গিয়ে অপরাধ করলেও দেশে সেই অপরাধের বিচার হবে এই আইনে।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি পাসের প্রস্তাব করেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার জন্য সরকার এ সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করবে। হজ ও ওমরাহ এজেন্সিকে শর্ত মেনে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন পেতে হলে হজ এজেন্সিকে তিন বছর এবং ওমরাহ এজেন্সিকে দুই বছরের ট্রাভেল এজেন্সি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। এজেন্সিগুলো অনিয়ম করলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা করা হবে। আর ওমরা এজেন্সি অনিয়ম করলে তারা নিবন্ধন হারানোর সঙ্গে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়বে। এছাড়া জামানত বাজেয়াপ্ত, নিবন্ধন স্থগিত, সতর্কীকরণ ও তিরস্কারের শাস্তিও রাখা হয়েছে।






















