করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ১৫০ জনে। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৩০৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৪৮ হাজার ৬২৮ জন।
২৪ ঘণ্টায় মৃত ৯৭ জনের মধ্যে ৬১ জন পুরুষ এবং ৩৬ জন নারী। ৪৯ জন সরকারি হাসপাতালে এবং ৪৪ জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা যান চারজন। বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৩৫০টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭টি নমুনা। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন চার হাজার ২৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৬১ হাজার ৪৫২ জন।























