স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়
- আপডেট সময় : ০১:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নানা আলোচনা হচ্ছে। তবে দেশের স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান পদে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই। একইভাবে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদেও শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়।
এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার আইনে লাভজনক সার্বজনীন পদে থাকা ব্যক্তিদের অযোগ্যতার কথা বলা হয়েছে।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর বিধি ১১-এর ১৭(খ) উপধারায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একই সময়ে একাধিক পদ বা আর্থিক লাভজনক পদে থাকার বিষয়ে বিধান রয়েছে।
মীর শাহে আলম বলেন, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ করে নির্বাচন কমিশন। তাই স্থানীয় সরকার আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা পর্যালোচনা করে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, তা ইসি নির্ধারণ করবে।
প্রয়োজনে এ বিষয়ে আইনগত ব্যাখ্যার জন্য ইসি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে মতামত চাইতে পারে। সেক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি স্পষ্ট করা হবে বলেও জানান তিনি।
মানবিক ও সাংবিধানিক দৃষ্টিকোণ
শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক না রাখার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। একই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনেও তা রাখা হয়নি।
তার ভাষ্য, একজন সমাজসেবীর প্রাতিষ্ঠানিক শিক্ষা নাও থাকতে পারে। তবে তিনি স্বশিক্ষিত হতে পারেন এবং জনপ্রতিনিধি হওয়ার মতো যোগ্যতা থাকতে পারে। তাই সাংবিধানিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি।






















