সুন্দরবনের কচিখালী খালে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের
- আপডেট সময় : ০১:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সুন্দরবনের কচিখালী খাল আবারও পার হতে দেখা গেছে একটি রয়েল বেঙ্গল টাইগার। এর আগে শুক্রবার আন্ধার মানিক এলাকায় আবারো দেখা গিয়েছিল বাঘ।বন বিভাগের দাবি, টানা এক বছর কার্যকর টহল এবং হরিণ শিকারের ফাঁদ অপসারণের ফলে বনে হরিণ ও বাঘের সংখ্যা বাড়ছে। আগামী বাঘ শুমারিতে অন্তত ২০ শতাংশ বাঘ বৃদ্ধির আশাবাদও ব্যক্ত করেছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা।
গতকাল সুন্দরবনের কচিখালী খাল পার হতে দেখা যায় একটি রয়েল বেঙ্গল টাইগার। বন বিভাগের সদস্যরা টহলের সময় বাঘটিকে দেখতে পান।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. রেজাউল করিম চৌধুরী বলেন, গত এক বছরে বনরক্ষীদের নিরলস প্রচেষ্টা, বিশেষ করে নিয়মিত ফুট প্যাট্রোল পরিচালনা এবং হরিণ শিকারের ফাঁদ অপসারণের কারণেই বনে হরিণ ও বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, “আবারও আজ একটি বাঘকে কচিখালী খাল পার হতে দেখা গেছে। আমার সহকর্মীদের গত এক বছরের ঐকান্তিক প্রচেষ্টা, বিশেষ করে লাগাতার ফুট প্যাট্রোল চালিয়ে হরিণ শিকারের ফাঁদ অপসারণের ফলেই বনে এখন হরিণ ও বাঘ বৃদ্ধি পেয়েছে বলে দাবি সকলের। আলহামদুলিল্লাহ। আমার সহকর্মীদের কাছে আমি খুবই কৃতজ্ঞ।”
ডিএফও আরও বলেন, সুন্দরবনে বর্তমানের মতো কার্যকর টহল ব্যবস্থা অব্যাহত রাখা গেলে আগামী বাঘ শুমারিতে বাঘের সংখ্যা আগের তুলনায় অন্তত ২০ শতাংশ বৃদ্ধি পাবে বলে তিনি আশা করছেন।
বন বিভাগের কর্মকর্তারা বলছেন, শিকার নিয়ন্ত্রণ, নিয়মিত টহল এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করা গেলে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা আরও বাড়বে। এখন আগামী বাঘ শুমারির ফলাফলের দিকেই তাকিয়ে বন বিভাগ।
























