সুদানে আদালতের অধিবেশন চলাকালে ড্রোন হামলা, নিহত ৩৫
- আপডেট সময় : ০৩:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সুদানের উত্তর দারফুর অঞ্চলে আদালতের বিচারিক অধিবেশন চলাকালে ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
স্থানীয় সময় রোববার (২ আগস্ট) উত্তর দারফুরের ঘারা আল-জাবিয়া গ্রামে এ হামলা চালানো হয়। এলাকাটি বর্তমানে সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। তবে হামলার বিষয়ে সুদান সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় এক বাসিন্দার দাবি, হামলার আগে দুটি ড্রোন দীর্ঘ সময় এলাকাটির আকাশে চক্কর দেয়। পরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিচারসভাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, স্থানীয় গোত্রপ্রধান ও সামাজিক নেতাদের অংশগ্রহণে একটি গাছের নিচে ঐতিহ্যবাহী বিচারসভা চলছিল। এ সময় ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে চারজন উপজাতীয় নেতা ও আরএসএফের দুই কমান্ডারসহ অন্তত ৩৫ জন নিহত হন।
ঘটনার পর ইমার্জেন্সি লয়ার্স গ্রুপ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। সংস্থাটি এ হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেছে, বেসামরিক জনসমাগমকে লক্ষ্য করে ক্রমবর্ধমান ড্রোন হামলা সাধারণ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে।
গত তিন বছর ধরে সুদান সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান গৃহযুদ্ধে দেশটি ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

























