নদ-নদীর পানি বেড়ে ৫ জেলায় নতুন করে বন্যার আশঙ্কা
- আপডেট সময় : ০৭:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বেড়ে আগামী দুই দিনে ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ সময়ে কিছু জেলার নদীর পানি বিপৎসীমায় প্রবাহিত হয়ে কয়েকটি জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলও প্লাবিত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা নদী ও দুধকুমার নদের পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এ অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আগামী ৩ দিন এসব নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ দিন এসব নদ-নদীর পানির বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় আগামী তিনদিনে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।
























