শিল্পায়নের মাধ্যমে উত্তরের অর্থনীতি আরো শক্তিশালী হবে : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এসময় শিল্পমন্ত্রী বলেন, দেশের দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে কারিগরি দক্ষতায় গড়ে তোলা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। বিশেষ করে কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনীতি চাঙ্গা করতে এই শিল্পনগরীর ভূমিকা গুরুত্বপূর্ণ।
ঠাকুরগাঁও সদরের আকচা মৌজায় নির্মাণাধীন এই প্রকল্পের আওতায় ৫০ একর জমিতে আধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে, যেখানে ২৫১টি প্লটে প্রায় ২৩০টি শিল্প ইউনিট স্থাপনের সুযোগ সৃষ্টি হবে এবং প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। মন্ত্রী প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রম দেখার পর সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ও গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন।





















