লালমনিরহাট সীমান্তে আবারও পুশইনের চেষ্টা করেছে বিএসএফ
- আপডেট সময় : ১২:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
সীমান্তের লাইট বন্ধ করে লালমনিরহাট সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান ও স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে বিএসএফের এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ১৫ বিজিবির অধীন বনচৌকি বিওপির সীমান্ত পিলার ৯০৬/৮এস সংলগ্ন এলাকায় ১০ থেকে ১২ জন সন্দেহভাজন ব্যক্তিকে বিএসএফের পাগলীমারী ক্যাম্পের সদস্যরা নিয়ে আসে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ— বিজিবি। কাঁটাতারের বেড়ার গেটের বাইরে তাদের পুশইনের চেষ্টা করা হলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে বিজিবির টহলদল ও স্থানীয় জনতা। বিজিবির কড়া হুঁশিয়ারিতে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। বর্তমানে পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ১৫ বিজিবি। সেই সাথে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং সার্বিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।



















