বাকৃবিতে ব্যতিক্রমী বিড়ালের র্যাম্প শো অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ক্যাট শো। বিশ্ব পোষা প্রাণী দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজনে ছিলো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, বিড়ালের প্রদর্শনী, রেম্প শো, রেফেল ড্র। দেশি-বিদেশি পোষা বিড়াল নিয়ে হাজির হন প্রাণীপ্রেমীরা। আয়োজকরা জানান, প্রাণীদের প্রতি হিংসাত্মক মনোভাব থেকে সরে আসতে এমন আয়োজন। আর চিকিৎসকরা বলছেন, প্রাণী লালন-পালনের ক্ষেত্রে নিতে হবে নিজেদের বাড়তি সতর্কতা।
একের পর এক হাজির হচ্ছে বাহারি সাজে, বিভিন্ন জাতের পোষা বিড়াল। শরীরে জমকালো পোশাক, কোনটার চোখে কালো চশমা। রেম্প শোতে নিজেকে সেরা হিসেবে উপস্থাপনে কমতি নেই পোষা বিড়ালদের।
ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে পেট লাভার্স অফ বিএইউ’র উদ্যোগে আয়োজন করা হয় ব্যাতিক্রমী রেম্প শো। অংশ নেয় শহরের বিভিন্ন এলাকার পোষা বিড়াল। ব্যস্ত যান্ত্রিক শহরে একাকিত্ব দূর করতে বন্ধুসুলভ আচরণের বিড়ালকে বেছে নিয়েছেন অনেকে।
প্রাণীর প্রতি মমত্ববোধ, শিক্ষার্থীদের পড়াশোনার একঘেঁয়েমি দূর করার পাশাপাশি প্রাণিকল্যাণে সচেতনতা বৃদ্ধির জন্য এমন আয়োজন বলে জানান এই আয়োজক।
এদিকে, জলাতঙ্ক থেকে বাঁচতে ভ্যাক্সিন দেওয়ার পাশাপাশি সচেতনতার সাথে পোষ্য প্রাণীদের লালন পালন করতে হবে বলে জানান এই চিকিৎসক।
এসময় প্রতিটি বিড়ালকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



























