বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক গুরুত্বপূর্ণ
- আপডেট সময় : ০৮:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। বৈঠকে আগামী ৫০ বছর দু’দেশের সম্পর্ক কিভাবে আরও জোরদার করা যায়, সে ব্যাপারে আলোচনা হবে। এছাড়া রেবে’র উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষক ও কূটনীতিকরা মনে করেন, দু’দেশের জন্য এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।
রেব ও এর কয়েকজন সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা জারি করার পর, এই প্রথম পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকে বসছেন।
ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের অর্ধশত বছরের কর্মসূচীর অংশ হিসেবে ভিন্ন ভূরাজনৈতিক বাস্তবতায় এ বৈঠককে দু’দেশের জন্য খুবই গুরত্বপূর্ন বলে মনে করেন কুটনীতিকরা।
বৈঠকে রেবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা করেন কুটনীতিকরা।
এক দশকের বেশি সময় ধরে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিসহ অনেক অর্জন থাকলেও তা বহির্বিশ্বে যথাযথভাবে তুলে ধরা হয়নি; ওয়াশিংটনের বৈঠকে সাফল্যের সেসব চিত্র তুলে ধরার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।


























