অস্ট্রেলিয়ায় টানা তৃতীয় জয় বাংলাদেশ এইচপির
- আপডেট সময় : ০৫:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। নেপাল ও হোবার্ট হারিকেন্স একাডেমির পর এবার ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকেও হারিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৪ আগস্ট) মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিং ও শামীম হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে ভিক্টোরিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি। রুবেল মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন। পরে শামীমের অপরাজিত ফিফটিতে ১৬ বল হাতে রেখেই ১৩২ রানের লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিংয়ের চাপে পড়ে ভিক্টোরিয়া। রুবেল একাই নেন ৪ উইকেট। রাকিবুল হাসানও ২৮ রানে শিকার করেন ৩ উইকেট। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৯ রান করেন স্যাম হার্পার। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া।
জবাবে প্রথম ওভারেই হাবিবুর রহমান সোহানকে হারায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে আরও কয়েকটি উইকেট হারিয়ে ৩৭ রানেই ৪ উইকেটে পরিণত হয় দলটি। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামীম হোসেন।
অধিনায়ক ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৮৩ রানের জুটি গড়েন শামীম। ৩২ বলে ৪৩ রান করে শুক্কুর ফিরলেও ততক্ষণে জয়ের খুব কাছে পৌঁছে যায় বাংলাদেশ।
শেষদিকে শামীম নিজের দায়িত্ব শেষ করেন দারুণভাবে। ৩৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। আবদুল গাফফার সাকলাইন ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন।
এই জয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ এইচপি দল।


























