৯৫ কারখানা বন্ধে বেকার ৬২ হাজার শ্রমিক
- আপডেট সময় : ০৫:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সরকার দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমন্বিত ও তথ্যভিত্তিক দলিল না থাকায় বিভিন্ন বক্তব্যের সঙ্গে পরিসংখ্যান মিলিয়ে দেখা কঠিন হচ্ছে বলে জানিয়েছে সিপিডি।
সোমবার এক পর্যালোচনায় সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কার কর্মসূচিতেও সমন্বিত পরিকল্পনার ঘাটতি রয়েছে। সরকারের ৩৬২টি উদ্যোগ চিহ্নিত করে ‘রিফর্ম ট্র্যাকার’-এর মাধ্যমে সেগুলো মূল্যায়ন করছে সিপিডি।
প্রতিষ্ঠানটি জানায়, জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জ-নরসিংদী শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। এতে সরাসরি চাকরি হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ শ্রমিক।
সিপিডির হিসাবে, শিল্প উৎপাদন ও উৎপাদন খাতের প্রবৃদ্ধি কমে শূন্যে নেমেছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে ৬ শতাংশ থেকে ৪ দশমিক ৫ শতাংশে। নিট বিদেশি বিনিয়োগও ৬৬২ মিলিয়ন ডলার থেকে কমে ৫৯৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা হলেও প্রায় ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা ঘাটতির আশঙ্কা করছে সিপিডি।
তবে করমুক্ত আয়সীমা বাড়ানো, ই-রিটার্ন সম্প্রসারণ ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধা বাড়ানোর উদ্যোগকে ইতিবাচক বলেছে প্রতিষ্ঠানটি।
অর্থনৈতিক স্থিতিশীলতা ও সংস্কার ত্বরান্বিত করতে অক্টোবর ২০২৬ থেকে জুন ২০২৭ পর্যন্ত ‘কোর বাজেট’ প্রণয়ন এবং জ্বালানি, ব্যাংকিং, রাজস্বসহ বিভিন্ন খাত নিয়ে সমন্বিত সংস্কার প্যাকেজের সুপারিশ করেছে সিপিডি।

























