ফ্যাসিবাদী আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আওয়ামী ফ্যাসিবাদী আমলে রাতের আঁধারে আদালত বসিয়ে আইনের নামে বেআইনি শাসন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকাই মুখ্য। বগুড়ায় আরেক অনুষ্ঠানে তারেক রহমান বলেন, আওয়ামী স্বৈরাচার আমলে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের মাঝে বিতরণ করা হবে।
দীর্ঘ ২০ বছর পর পৈতৃক ভিটা বগুড়ায় পা রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।
এর আগে, সকালে ঢাকা থেকে রওনা হয়ে বেলা ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন। এরপর ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ আরো কয়েকটি কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী।
নিউ জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধনকালে তারেক রহমান বিচারকদের উদেশ্যে বলেন, আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গায় ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকাই মুখ্য।
এরপর, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, দেশকে এগিয়ে নিতে নারী ও পুরুষ উভয়কেই সমানভাবে সহযোগিতা করবে সরকার।
আরও ২৩টি উপজেলায় চলতি মাসের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে বলেও জানান তারেক রহমান।
পরে পৈতৃকভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়িতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খালের খনন কার্যক্রম সূচনা করেন।





















