ফেনীর সোনাগাজীর ছোট ফেনী নদীতে চলছে অব্যাহত ভাঙন
- আপডেট সময় : ১১:৩২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে বিস্তীর্ণ জনপদের মানুষ। চব্বিশের বন্যায় মুছাপুর রেগুলেটর নদীতে তলিয়ে যাওযার পর থেকে এ উপজেলায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
রাক্ষুসী নদীর করাল গ্রাসে মুহূর্তেই বিলীন হচ্ছে জনপদ। ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ সীমানায় ছোট ফেনী নদীর এমন রুদ্রমূর্তিতে এখন দিশেহারা উপকূলের হাজারো মানুষ। চব্বিশের বন্যায় মুছাপুর রেগুলেটর ধসে পড়ার পর থেকেই ভাঙন যেন অপ্রতিরোধ্য। সোনাগাজীর চরচান্দিয়া, চরদরবেশ ও চরমজলিশপুরসহ দাগনভূঞা ও কোম্পানীগঞ্জের বিস্তীর্ণ এলাকার সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও কালভার্ট ইতোমধ্যে তলিয়ে গেছে নদীতে।
রেগুলেটর পুনর্নির্মাণ ও নদী ভাঙন প্রতিরোধের দাবিতে বারবার মানববন্ধন ও নানা কর্মসূচি পালন করলেও সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো কার্যকর আশ্বাস। এতে ক্ষোভ আর হতাশায় পুড়ছেন স্থানীয়রা।
বর্তমানে সরকারি আশ্রয়ণ কেন্দ্রের ১২০টি পরিবার চরম ঝুঁকির মুখে রয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত জিও ব্যাগ ফেলে এবং নদীর মাঝখানে জেগে ওঠা চর কেটে স্রোতের মুখ পরিবর্তন না করলে মানচিত্র থেকে হারিয়ে যাবে তিনটি ইউনিয়ন।
মুছাপুর রেগুলেটর নির্মাণ করা ছাড়া ভাঙনরোধ সম্ভব নয় বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ভাঙনপ্রবণ এলাকায় প্রটেক্টিভ ওয়ার্কের জন্য একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানান, পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী।
একনেকের অনুমোদন কিংবা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অপেক্ষায় না থেকে, ভিটেমাটি রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি নদীপাড়ের মানুষর।

























